দেশের শিল্পখাতে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বহুদিনের এই সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে পরিস্থিতির উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের শিপ ব্রেকিং শিল্পকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে সব ইয়ার্ডকে গ্রিন লাইসেন্সের আওতায় আনা হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে এবং শিপ রিসাইক্লিং শিল্পের সক্ষমতা ও সুনাম পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে উদ্যোক্তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। এতে উৎপাদন, বিনিয়োগ এবং শিল্প কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না।
পরিদর্শন শেষে মন্ত্রী শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিল্পের টেকসই উন্নয়ন, পরিবেশগত মান বজায় রাখা এবং উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনলাইন ডেস্ক 
























