ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রুহিয়া থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মামুন ইসলাম (৩৪)। তিনি রুহিয়া থানার বাঁশবাড়ী (পূর্ব কশালগাঁও) গ্রামের মৃত আখিমুল ইসলাম ওরফে চান্দিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুন ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে চোরাইকৃত ষাঁড় গরুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুটি আনুমানিক তিন বছর বয়সী কালো রঙের খাড়া শিংবিশিষ্ট একটি ষাঁড়। এর আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর। গরু চুরির ঘটনার তথ্য পাওয়ার পরপরই একটি দল অভিযান চালিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং চোরাইকৃত গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
kalprakash.com/IM