৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদ্যাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের নেতৃবৃন্দ, তুলসীধাম পরিচালনা পরিষদ এবং রথযাত্রা উদ্যাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় জানানো হয়।
এ ছাড়া প্রতিটি রথযাত্রা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং নির্ধারিত রুটে পরিচালনার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ ও পোঁটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা এবং মিছিলের মাঝপথে প্রবেশ না করার বিষয়ে পুলিশ কমিশনার উদ্যাপন কমিটি ও নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রথযাত্রা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM
সোহাগ আরেফিন, চট্টগ্রাম প্রতিনিধি 






















