নাটোরের বড়াইগ্রামে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক দরিদ্র বিধবা নারীর মাঝে নতুন শাড়ি উপহার দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সমাজসেবক আসাদুজ্জামান আসাদ।
শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে আনুষ্ঠানিকভাবে এসব শাড়ি বিতরণ করেন তিনি। দুর্গাপূজার আনন্দ অসহায় নারীদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই তাঁর এ উদ্যোগ।
শাড়ি বিতরণকালে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমার মা যুক্তরাজ্যে থাকেন। মা অনেক দূরে থাকায় আমি মায়ের শূন্যতা অনুভব করি। আমি বুঝি, বিধবা মায়েরা কীভাবে দিনযাপন করেন। তাঁদের কষ্টের কথা ভাবলে আমারও কষ্ট হয়। সেই কষ্টকে আনন্দে রূপান্তরিত করতেই আমার এই ছোট্ট উদ্যোগ। বিধবা মায়েদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার উদ্যোগ সার্থক হবে।’
এ উদ্যোগের প্রশংসা করে বড়াইগ্রাম উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দাস বলেন, ‘এই এলাকায় এবারই প্রথম দুর্গাপূজা উপলক্ষে বিধবা নারীরা একযোগে নতুন শাড়ি পেলেন। এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
শাড়ি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি খন্দকার আব্দুস সালাম, কালিকাপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম মৃধা, গুনাইহাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ও দিয়ারপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম ইদ্রিস। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM