মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় রাঙামাটিতে একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন, ২০২৬) সকালে রাঙামাটি জেলা পরিষদ অ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।
রাঙামাটি অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন।
রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পাল, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ একরাম উদ্দীন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন, পার্বত্য চট্টগ্রামে অন্যান্য কৃষির পাশাপাশি মাশরুম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মাশরুম একটি ‘সুপার ফুড’ হিসেবে কাজ করে এবং এতে ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে।
তিনি আরও বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় মাশরুম চাষ সম্প্রসারণে আলাদা প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
এ সময় অতিথিরা তিন পার্বত্য জেলার মাশরুম উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন।
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি 























