যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম মোটরসাইকেলযোগে মণিরামপুর শহর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথে উপজেলার আটমাইল এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে সৃষ্ট যানজট নিরসন করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মাহিমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি 




















