আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কানাডা। ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে দেশটি।
কানাডার ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেন, বিশ্বকাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের এক বিশাল মিলনমেলা।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে পরিণত করছে।
আয়োজক হিসেবে কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টরন্টোতে ৬টি ম্যাচ এবং ভ্যাঙ্কুভারে ৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। টরন্টোতে কানাডা জাতীয় দলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
বড় আকারের এই আয়োজনকে কেন্দ্র করে কানাডা সরকার নিরাপত্তা, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। টরন্টো ট্রান্সপোর্ট বিভাগ অতিরিক্ত দর্শক সামাল দিতে বিশেষ সাবওয়ে ট্রেন, শাটল বাস ও অতিরিক্ত পরিবহন সেবা চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি স্টেডিয়াম ও এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সহায়তার জন্য স্বেচ্ছাসেবক ও তথ্যকেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে।
খেলাধুলার পাশাপাশি পুরো কানাডাজুড়ে ফ্যান ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, এই বিশ্বকাপ দেশটির পর্যটন ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে, যেখানে বিলিয়ন ডলারের রাজস্ব ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে কানাডা এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং বিশ্বজুড়ে দর্শকদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত দেশটি।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 























