বছর দুয়েক আগে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘ইতি চিত্রা’র পরিচালক রাইসুল ইসলাম অনিকের বিরুদ্ধে একাধিক চলচ্চিত্র ও মিডিয়া প্রজেক্টে চুক্তিভঙ্গ, আর্থিক অনিয়ম এবং পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান ও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে।
প্রথমে বিষয়টি সামনে আসে ‘বিগ সিটি এন্টারটেইনমেন্ট’-এর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। সেখানে দাবি করা হয়, একসময় অনিক প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পরে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ভবিষ্যতে তার সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়।
এরপর ‘আমাকে বিশ্বাস করেন ভাই’ নামের একটি চলচ্চিত্র নিয়েও নতুন করে অভিযোগ ওঠে। অভিনেত্রী আইমন শিমলা অভিযোগ করেন, তাকে শুটিং থেকে হঠাৎ বাদ দেওয়া হয় এবং কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। তার দাবি, কাজ চলাকালীন শেষ পর্যায়ে তাকে বাদ দিয়ে নতুনভাবে শুটিং করা হয়, যা তিনি অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন।
গ্রাফিক্স ডিজাইনার এমকে এ তুষারও অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পে তার পারিশ্রমিক সম্পূর্ণ পরিশোধ করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, একাধিক কাজে অংশ নিলেও দীর্ঘ সময়েও পুরো টাকা পাননি তিনি।
সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, কাজের অর্থ সময়মতো না দিয়ে দীর্ঘ সময় পর আংশিকভাবে পরিশোধ করা হয়েছে।
অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাদামাটা এন্টারটেইনমেন্ট’-এর নির্বাহী প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, ‘চারুলতা’ সিনেমা ও অন্যান্য প্রকল্প নিয়ে একাধিক চুক্তি হয়েছিল। তবে সময় ও অর্থ সংক্রান্ত জটিলতায় কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি এবং কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
প্রতিষ্ঠানটির আরও দাবি, পরবর্তীতে জানা যায় কিছু প্রকল্পের বৈধ মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পরিচালক নিজেই অসমাপ্ত কাজের দায় স্বীকার করেছেন বলে দাবি করা হয়।
তবে এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে পরিচালক রাইসুল ইসলাম অনিকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিনোদন ডেস্ক 






















