মালয়েশিয়ার কুয়ালালামপুর-এর বিভিন্ন রেল স্টেশনে অন্তত পাঁচজন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ৪১ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত এপ্রিল থেকে মে মাসের শুরু পর্যন্ত পৃথক ঘটনায় এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ মে) এক বিবৃতিতে শহরের পুলিশ প্রধান ফাদিল মারসুস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি চান সো লিন এলআরটি, মালুরি চেরাস এবং তামান মিদাহ এমআরটি স্টেশন এলাকায় ২১ থেকে ২৮ বছর বয়সী পাঁচজন নারীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানিতে জড়িত ছিলেন।
দীর্ঘ তদন্তের পর সন্দেহভাজনকে শনাক্ত করে মঙ্গলবার (৫ মে) গ্রেপ্তার করা হয় এবং তাকে কুয়ালালামপুর আদালতে হাজির করা হয়।
আদালতে অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাত অথবা এসবের সমন্বয়ে শাস্তি হতে পারে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























