আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, অনেক সময় দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।
কোনো প্রাণীর ক্ষতি না করার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শিশুদের মধ্যে প্রাণিকুলের প্রতি যত্ন ও মমত্ববোধ তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা গড়ে তোলা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।