বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকা ও ফকিরহাটের মূলঘর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগেরহাট শহরের বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের মূলঘর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মেহেদী হাসান রাসেল (২৬)।
ডিবি সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সরকারী মহিলা কলেজের পেছনে অবস্থিত এসএম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয় বলে মামলার সূত্রে জানা গেছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের পর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত করে প্রথমে খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকায় নিজ ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে গ্রেফতার করা হয়।
অভিযানে শামীমের হেফাজত থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং রাসেলের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ডিবি জানিয়েছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় ১৯ নভেম্বর এফআইআর নং-১২ এবং জিআর নং-১৭৮ মূলে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক) ধারায় মামলা করা হয়েছে।
গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।