মোটরসাইকেল নিয়ে যাওয়ার পর প্রায় ছয় বছরেও ফেরত না দেওয়া, জমির অংশ দখলের চেষ্টা, দোকানে হামলা-ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি—এমন একাধিক অভিযোগ তুলে বাগেরহাটের চিতলমারীতে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. এনায়েত আলী খান। তাঁর অভিযোগ, শফিকুল ইসলাম খান ও তাঁর সহযোগীদের কারণে দীর্ঘদিন ধরে ব্যবসা ও সম্পত্তি নিয়ে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরেন এনায়েত আলী খান।
তিনি জানান, ২০২০ সালের ২ জানুয়ারি ১ লাখ ৭ হাজার টাকা দিয়ে ১১০ সিসির একটি মোটরসাইকেল কেনেন। কেনার মাত্র ১৩ দিন পর ১৫ জানুয়ারি প্রতিপক্ষ তাঁর কাছ থেকে মোটরসাইকেলটি নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ফেরত দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও মোটরসাইকেলটি ফেরত পাননি। বরং মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন ও কাগজপত্র সম্পন্ন করার ক্ষেত্রেও তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি করেন।
মোটরসাইকেলের বিরোধের পাশাপাশি জমি নিয়েও বিরোধের কথা উল্লেখ করেন এই ব্যবসায়ী। তাঁর ভাষ্য, চিতলমারী বাজারে তাঁর মালিকানাধীন সম্পত্তিতে তিনটি টিনশেড দোকানঘর রয়েছে। দুটি দোকান ভাড়া দেওয়া এবং অন্যটিতে নিজে ব্যবসা করেন। পেছনে রয়েছে বসতবাড়ি। গত ২৭ জুন দুপুর ১২টার দিকে হাসিব শেখসহ কয়েকজন ওই সম্পত্তির একটি অংশ দখলের চেষ্টা করেন বলে অভিযোগ তাঁর।
এনায়েত আলী খানের দাবি, প্রায় তিন যুগ ধরে তিনি চিতলমারী বাজারে ব্যবসা করছেন। দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন তাঁকে বিভিন্নভাবে হয়রানি করছেন। জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার মাধ্যমে তাঁকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
তাঁর অভিযোগ, গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে দোকানে হামলা চালিয়ে কুপিয়ে ভাঙচুর করা হয়। এ সময় তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলাকারীদের কাছে রামদা, ছুরি ও দেশীয় অস্ত্র ছিল বলে লিখিত বক্তব্যে দাবি করেন তিনি।
এনায়েত আলী খান জানান, এসব ঘটনায় চিতলমারী থানায় একাধিকবার লিখিত অভিযোগ করেছেন। সর্বশেষ ১ নভেম্বর থানায় একটি জিডি করেন। এ ছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় সি.আর. ৩০৪/২৬ নম্বরের মামলা চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দখলচেষ্টা বন্ধ, মোটরসাইকেল উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম খান ও তাঁর সহযোগীদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।