ঢাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য খালি থাকা বাসা ও ফ্ল্যাট বরাদ্দ দিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে সরকারি আবাসন পরিদপ্তর। আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। জাতীয় বেতন স্কেল ও গ্রেড অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসার জন্য এ আবেদন করা যাবে।
গত ১৯ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খানের সই করা বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের যোগ্যতা, আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় শর্তাবলি উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের www.bashaonline.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
যে গ্রেডের কর্মকর্তারা যে শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা, তারা এফ-শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। আজিমপুর, ইস্কাটন, ধানমণ্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনে এ শ্রেণির বাসা রয়েছে।
ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা, তারা ই-শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এ শ্রেণির বাসা রয়েছে শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায়। তবে ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ই-শ্রেণির বাসার ন্যূনতম প্রাপ্যতার ভিত্তিতে ভাড়া কর্তনের শর্তে আবেদনের সুযোগ রয়েছে।
অন্যদিকে, সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তারা ডি-১ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন হতে হবে ২২ হাজার টাকা। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।
অস্থায়ী বাসা বরাদ্দের সুযোগ
বিজ্ঞপ্তিতে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তারা পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসার জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে।
নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউজ, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরাতন সার্কিট হাউজ ও বেইলি স্কয়ার এলাকাতেও অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধা রাখা হয়েছে।
পরিত্যক্ত বাসার জন্য কারা আবেদন করতে পারবেন
পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসাও বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় বি-শ্রেণির একটি ফ্ল্যাট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, ডি শ্রেণির জন্য ১০ম থেকে ১২তম গ্রেডের কর্মকর্তা এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে
বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট তথ্যের প্রমাণক সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ কিংবা যথাযথ প্রমাণক ছাড়া জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।
একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন। বরাদ্দ পাওয়ার পর ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখ করা নির্ধারিত সময়ের মধ্যে বাসার দখল নিতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল হতে পারে।
আগে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যারা বাসা বরাদ্দ পাননি, তারাও এবার অনলাইনে আবেদন করতে পারবেন। তবে বরাদ্দপত্র গ্রহণের সময় গ্রেডগত যোগ্যতার প্রমাণক জমা দেওয়া বাধ্যতামূলক।
বরাদ্দ না পেলে অপেক্ষমাণ তালিকায় থাকার সুযোগ
প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম শেষে পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগপর্যন্ত অনলাইনে আবেদনকারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করবে সরকারি আবাসন পরিদপ্তর।
কোনো কর্মকর্তা বরাদ্দ পাওয়া বাসার দখল গ্রহণ না করলে অথবা পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন বাসা বরাদ্দ পেয়ে আগের বাসাটি ছেড়ে দেওয়ার কথা জানালে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য আবেদনকারীকে বাসাটি বরাদ্দ দেওয়া হবে।
তবে কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দুবার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখল গ্রহণ না করলে পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসার জন্য আবেদন করতে পারবেন না।
একইভাবে, আগের বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের সুপারিশ পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ের মধ্যে দখল গ্রহণ না করলে বরাদ্দ বাতিল হতে পারে।
আবেদনের শেষ সময় ও যোগাযোগ
আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে www.bashaonline.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
বাসা বরাদ্দসংক্রান্ত তথ্য ও আবেদনের বিষয়ে প্রয়োজনে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের নম্বর ০১৩০৪২৪০৩২১ ও ০১৭১০০৬৮১৩৮।