রাজনীতি যখন কেবল ক্ষমতার সিঁড়ি বা ব্যক্তিস্বার্থের হাতিয়ার হয়ে দাঁড়ায়, ঠিক তখনই কিছু মানুষ তাঁদের ত্যাগ, আদর্শ ও মানবিক গুণাবলি দিয়ে রাজনীতির সংজ্ঞাটাই বদলে দেন। বাংলাদেশের সমসাময়িক ছাত্র ও যুবরাজনীতির ইতিহাসে তেমনই এক পরিচিত ও আলোচিত নাম এস এম মিজানুর রহমান রাজ। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন ‘আহ্বায়ক’ হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে যে প্রাণের সঞ্চার হয়েছে, তা প্রমাণ করে—ত্যাগ ও যোগ্যতার সঠিক মূল্যায়ন হলে তৃণমূলের কর্মীরা কীভাবে উজ্জীবিত হন। সাম্প্রতিক সময়ে গঠিত রাজনৈতিক কমিটিগুলোর মধ্যে রাজকে ঢাকা মহানগর উত্তর যুবদলের শীর্ষ নেতৃত্বে নিয়ে আসা একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। এর ফলে ত্যাগী নেতাকর্মীরা উজ্জীবিত থাকবেন, সংগঠনে ফিরবে পুরোনো প্রাণ এবং দলে প্রতিষ্ঠিত হবে শৃঙ্খলা, বিশ্বাস ও আস্থা।
বিগত দেড় দশকের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে যাঁরা সক্রিয় ও আপসহীন ভূমিকা রেখেছেন, এস এম মিজানুর রহমান রাজ তাঁদের প্রথম সারির একজন। রাজপথের মিছিলে পুলিশের হামলায় বহুবার তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। অসংখ্যবার রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে তাঁকে কারাবরণ করতে হয়েছে। শত শত রাজনৈতিক মামলার বোঝা মাথায় নিয়ে দীর্ঘ সময় তাঁকে ফেরারি জীবন কাটাতে হয়েছে। কিন্তু হামলা, মামলা, বারবার কারাবরণ কিংবা রিমান্ডের নামে নির্যাতন চালিয়েও তাঁকে দমানো যায়নি।
দলের শীর্ষ নেতাদের প্রতি তাঁর আনুগত্য ও ভালোবাসা কতটা গভীর, তা দেশবাসী দেখেছিল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক সংকটময় মুহূর্তে। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশি হামলা থেকে রক্ষা করতে গিয়ে রাজ নিজে মানবঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। পুলিশের লাঠির আঘাত নিজের শরীরে পেতে নিয়েও আবেগাপ্লুত কণ্ঠে তিনি চিৎকার করে বলেছিলেন, “আমাদের মহাসচিবের গায়ে আঘাত করবেন না!” সেদিন গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার হয়ে তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছিল। রাজপথের সেই আত্মত্যাগের দৃশ্য আজও নেতাকর্মীদের হৃদয়ে গেঁথে আছে। কোনো প্রতিকূলতাই তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা থেকে বিচ্যুত করতে পারেনি।
তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি রাজ কেবল একজন সাহসী সংগঠকই নন, বরং তিনি কর্মীদের কাছে এক আবেগের নাম। তেজগাঁও কলেজ কিংবা ঢাকা উত্তরের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের কাছে তিনি পরম আস্থার আশ্রয়স্থল। রাজের সবচেয়ে বড় শক্তি তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি, নির্লোভ মানসিকতা, অমায়িক ব্যবহার এবং দায়িত্বশীল নেতৃত্ব। ফার্মগেট তথা পুরো ঢাকা মহানগর উত্তরের রাজনীতিতে বিতর্কের ঊর্ধ্বে থাকা নেতাদের মধ্যে রাজ অন্যতম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর নামের পাশে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বদনাম নেই। দুঃসময়ে কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে যেকোনো কর্মীর বিপদে-আপদে সবার আগে ছুটে যাওয়ার অনন্য গুণ তাঁকে সবার হৃদয়ে স্থান করে দিয়েছে।
রাজ কতটা ভদ্র, মানবিক এবং বিচক্ষণ নেতা, তার বড় প্রমাণ মিলেছিল ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর। সে সময় সারা দেশে যখন একধরনের অস্থিরতা বিরাজ করছিল, তখনো রাজ অতন্দ্র প্রহরীর মতো তেজগাঁও কলেজের শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। তাঁর দৃঢ় অবস্থানের কারণেই সেদিন ক্যাম্পাসের কারও কোনো ক্ষতি হয়নি। ছাত্ররাজনীতির উত্তাল দিনগুলোতেও তিনি কখনো শিক্ষকদের সম্মানে আঘাত লাগতে দেননি। ফলে কলেজের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক ও কর্মচারীরাও তাঁকে স্নেহ ও শ্রদ্ধার চোখে দেখেন।
রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে এস এম মিজানুর রহমান রাজ এক অনন্য উদাহরণ। মূলত বটবৃক্ষতুল্য অভিভাবক—স্থানীয় বর্ষীয়ান ও বারবার কারানির্যাতিত জননেতা, সাবেক কমিশনার, অসংখ্য মামলার আসামি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এবং তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য জনাব আনোয়ারুজ্জামান আনোয়ারের ছায়াতেই রাজের রাজনৈতিক বেড়ে ওঠা। আজ শীর্ষ নেতৃত্বে আসীন হয়েও নিজের রাজনৈতিক অভিভাবক আনোয়ারুজ্জামান আনোয়ারের প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধাবোধ অটুট রয়েছে। পাশাপাশি তেজগাঁও কলেজ থেকে বেড়ে ওঠা প্রাক্তন সফল ছাত্রনেতা, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সিনিয়র সহসভাপতি, বহু মামলার আসামি, বারবার কারানির্যাতিত নেতা ও তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য জনাব ফখরুল ইসলাম রবিনের প্রতিও তিনি সবসময় শ্রদ্ধাশীল।
অগ্রজদের প্রতি এই গভীর শ্রদ্ধাবোধের পাশাপাশি অনুজদের কাছেও তিনি আদর্শ নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তেজগাঁও কলেজ ছাত্রদলের বর্তমান সুশৃঙ্খল নেতৃত্ব—ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন, সদস্যসচিব সেলিম, শামীম হোসেন রবীন, আসিফ ইকবাল, সাখাওয়াত, শাকিল মাহমুদ, মহিউদ্দিন, শাহাদাত হোসেন শাকিল, ইমনসহ সর্বস্তরের নেতাকর্মীর কাছে তিনি অভিভাবকতুল্য। অগ্রজ ও অনুজদের এই মেলবন্ধনই তেজগাঁও কলেজ ও ঢাকা উত্তরের রাজনীতিতে রাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
সর্বস্তরের ছাত্র-জনতার কাছে রাজ যে কতটা জনপ্রিয়, তা দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁর নেতৃত্বে সৃষ্টি হওয়া জনসমুদ্র দেখলেই স্পষ্ট বোঝা যায়। যেকোনো কর্মসূচিতে তাঁর ডাকে হাজার হাজার মানুষের ঢল নামে। রাজপথের মিছিলে কর্মীদের গগনবিদারী স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ—
“রাজ এগিয়ে চলো, আমরা সবাই আছি তোমার সাথে!”
“আনোয়ার ভাই ও ফখরুল ইসলাম রবিন ভাই ভয় নাই, রাজ ভাই আছে আপনাদের পাশে!”
“তেজগাঁও কলেজের ছাত্র-শিক্ষক-কর্মচারী ভয় নাই, রাজ ভাই আছে তেজগাঁও কলেজের পাশে!”
“ছাত্রদল-যুবদল-তারেক জিয়া ভয় নাই, রাজ ভাই রাজপথ ছাড়ে নাই!”
“এগিয়ে চলো তারেক জিয়া, সবার আগে বাংলাদেশ!”
কর্মীদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও আস্থাই প্রমাণ করে তৃণমূলে তাঁর অবস্থান কতটা সুদৃঢ়।
একজন তৃণমূল কর্মীর জীবনের সবচেয়ে বড় অর্জন কী হতে পারে? কোনো লবিং বা গ্রুপিং ছাড়াই কেবল রাজপথের লড়াই আর ত্যাগের কারণে দলের শীর্ষ নেতৃত্ব যাঁকে সরাসরি নাম ধরে (বাই নেম) চেনেন এবং জানেন—এস এম মিজানুর রহমান রাজ সেই বিরল সম্মানের অধিকারী। হাজারো ছাত্র-জনতার বিশাল সমাবেশ কিংবা জনস্রোতের মাঝখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্ব যখন সরাসরি নাম ধরে ডাকেন—”এই রাজ, ওই দিকটা দেখ, ওই পাশের ভিড় ঠিক কর, লাইন ঠিক কর”—তখন সেই দৃশ্য কেবল রাজের একার প্রাপ্তি হয়ে থাকে না।
হাজারো ভিড়ের মাঝে দেশের শীর্ষ নেতৃত্বের কণ্ঠে নিজেদের প্রতিষ্ঠানের প্রিয় সন্তান ‘রাজ’-এর নাম শুনে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক ও কর্মচারীদের প্রাণ গর্বে ভরে ওঠে। এটি পুরো তেজগাঁও কলেজ পরিবারের জন্য এক অনন্য গৌরব ও সম্মানের বিষয়। সেই আস্থা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপই ঢাকা মহানগর উত্তর যুবদলের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। তৃণমূলের নেতাকর্মীদের মতে, এটি প্রকৃত ত্যাগীদের মূল্যায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আজকের এস এম মিজানুর রহমান রাজ কেবল একটি পদের নাম নয়, তিনি ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের আশার প্রতীক। তিনি জানেন কীভাবে দুঃসময়ে কর্মীদের আগলে রাখতে হয় এবং কীভাবে সুশৃঙ্খলভাবে সংগঠনকে এগিয়ে নিতে হয়। তাঁর হাত ধরে ঢাকা মহানগর উত্তর যুবদল অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাঠের রাজনীতি থেকে উঠে আসা এই অকুতোভয় সংগঠক আগামী দিনে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে নেতাকর্মীরা বিশ্বাস করেন।
লেখক: অধ্যাপক সাবির আমিন রেজা