রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মানোন্নয়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের প্রাথমিক পর্যায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে শুরু করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট’-এর আওতায় গণপরিবহন সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, প্রস্তাবিত বৈদ্যুতিক বাসগুলো হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মন্ত্রী বলেন, গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
সভায় প্রস্তাবিত ‘গ্রস-কস্ট’ মডেলের বিষয়ে জানানো হয়, প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।
এ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এতে বাস পরিচালনায় প্রতিযোগিতা, অনিয়ম ও বিশৃঙ্খলা কমার পাশাপাশি সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের লক্ষ্য, আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।