বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২২:১৭
শিরোনাম
● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ

প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও!

অধ্যাপক সাবির আমিন রেজা
অধ্যাপক সাবির আমিন রেজা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও!

আজকের দিনে সকালবেলা সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজফিডে চোখ রাখা মানেই এক বুক আতঙ্ক আর গভীর সামাজিক হতাশার মুখোমুখি হওয়া। যে ভার্চুয়াল জগৎ একসময় পারস্পরিক সংযোগ ও তথ্য বিনিময়ের উন্মুক্ত মঞ্চ ছিল, তা আজ রূপ নিয়েছে আমাদের সামষ্টিক নৈতিক অবক্ষয়ের এক জীবন্ত দলিলে। প্রতিদিন স্ক্রল করলেই চোখের সামনে ভেসে উঠছে বিকৃতির চরম চিত্র—ধর্ষণ, বলৎকার, বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্কের জটিলতা এবং ক্ষমতার নগ্ন অপব্যবহার। সামগ্রিক এই অবক্ষয় দেখে ভার্চুয়াল জগতে আজ অনেকেই ক্ষোভ ও ব্যঙ্গ মিশিয়ে মন্তব্য করছেন—এই যুগে এসে শয়তান নিজেই হয়তো মহা বিপদে পড়েছে! মানুষের অনৈতিকতার গতি ও মাত্রা দেখে শয়তানও এখন নিজের প্রাসঙ্গিকতা হারানোর শঙ্কায় অবসর নেওয়ার কথা ভাবছে।

একদিক থেকে হিসাব করলে কিন্তু মন্দ হয় না। সমাজে আমাদের সচেতন, শিক্ষিত, সমাজনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক কিংবা ধর্মীয় গুরুদের একাংশের এই অনৈতিক অনাচারের চিত্র এবং তার পেছনে যেভাবে শয়তানের ওপর অনায়াসে দোষ চাপানো হচ্ছে, তা দেখে শয়তান নিজেই হয়তো কোনো দিন তীব্র হতাশায় আত্মহত্যা করে বসতে পারে! কারণ, তার করার মতো কাজ তো আর বাকি নেই; মানুষ নিজেই এখন শয়তানের চেয়ে কয়েক ধাপ এগিয়ে নিখুঁতভাবে সব অপকর্ম সম্পাদন করছে। যে যেখানেই যে অন্যায় করুক না কেন, ধরা পড়লেই অবলীলায় একবাক্যে বলে দেয়—”শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম!” নিজের নফসের লালসা, ব্যক্তিগত লোভ আর ক্ষমতার দম্ভকে আড়াল করতে আদিমতম এই অপশক্তিকে বলির পাঁঠা বানানো এখন এক প্রাতিষ্ঠানিক অজুহাতে পরিণত হয়েছে। অথচ এই অজুহাতের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে মানুষের নিজস্ব জবাবদিহি ও সচেতন অপরাধপ্রবণতা।

আজকের দিনে আমরা এক বিচিত্র শ্রেণির মানুষ তৈরি করেছি। মাথায় টুপি আছে, বাহ্যিক ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো কমতি নেই, নিয়মিত ওমরাহ কিংবা হজ পালন করছেন; কিন্তু বাস্তব জীবনে মানুষের পাওনা বা দায়-দেনা পরিশোধ করছেন না। অবলীলায় অবাস্তব মিথ্যা কথা বলছেন, অন্যের নামে চরম কুৎসা বা প্রোপাগান্ডা রটাচ্ছেন, মানুষের মারাত্মক ক্ষতি করছেন এবং যত্রতত্র চরম উচ্ছৃঙ্খল আচরণ করছেন। নিজের মতাদর্শের মানুষের আলোচনা বা ওয়াজ মোবাইল ডিভাইসে উচ্চস্বরে বাজিয়ে শুনছেন, কিংবা জনসমক্ষে মোবাইলে উচ্চস্বরে কথা বলছেন—তাতে চারপাশের মানুষের কী চরম অসুবিধা হলো, তা নিয়ে তাঁদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। ধার্মিকতার এই আচার-আচরণ বা বাহ্যিক আড়ম্বরের আড়ালে লুকিয়ে থাকা চরম আত্মকেন্দ্রিকতা ও সামাজিক অসদাচরণ আমাদের এক গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে।

এই মনস্তাত্ত্বিক ভণ্ডামি সম্পর্কেই প্রখ্যাত চিন্তাবিদ ওশোর একটি উক্তি এ প্রসঙ্গে স্মরণ করা যায়, যেখানে তিনি বলেছেন—মানুষ উপাসনালয়ে যায়, কিন্তু ভেতরে সে একই হিংসুক ও লোভী মানুষ থেকে যায়। বাহ্যিক এই নাটকগুলোই হলো ধর্মের সবচেয়ে বড় ভণ্ডামি।

দ্বীন কায়েম করার দোহাই দিয়ে পর্দার আড়ালে অনৈতিক সম্পর্কে জড়ানো এবং পরবর্তীতে ভিডিও ফাঁস হওয়া ঠেকাতে লাখ লাখ টাকা লেনদেন ও ক্ষমা চাওয়ার যেসব চিত্র আজ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করছে, তা সত্যিই লজ্জাজনক। যে মানুষগুলো একসময় ওয়াজ মাহফিলের বা জনসভার মঞ্চে দাঁড়িয়ে নারী ও পর্দা নিয়ে দীর্ঘ বয়ান দিতেন, এমনকি সুন্দরীদের তালিকা নির্ধারণে মুখর হতেন, ক্যামেরার পেছনে তাঁদের এই চারিত্রিক বৈপরীত্য সাধারণ মানুষকে আদর্শিক সংকটে ফেলছে। মঞ্চে নীতি-নৈতিকতার খই ফোটানো আর বাস্তব জীবনের এই আকাশ-পাতাল ব্যবধান দেখেই সাহিত্যিক ও দার্শনিক লিও তলস্তয় লিখেছিলেন—”আমাকে তোমার ধর্মের কথা বলো না, তোমার কর্মের মধ্যে তোমার ধর্মকে দেখতে দাও।”

এই অবক্ষয়ের সবচেয়ে ভয়ংকর রূপটি দেখা যায়, যখন এর সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতার সংযোগ ঘটে। রাজনৈতিক ক্ষমতা বা প্রশাসনিক পদের প্রভাব খাটিয়ে নারীদের হেনস্তা কিংবা অনৈতিক লালসা চরিতার্থ করার প্রচেষ্টা বরাবরই আমাদের স্তম্ভিত করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নৈতিক স্খলন এবং পরবর্তীতে অনৈতিক সম্পর্কের জেরে পারিবারিক জীবনে আত্মহত্যা ও ট্র্যাজেডি ডেকে আনার ঘটনাগুলো প্রমাণ করে যে, অপরাধীর মনে সমাজ বা আইনের কোনো ভয় নেই। তাঁরা ধরে নেন, তাঁদের সামাজিক অবস্থান, রাজনৈতিক প্রভাব কিংবা অন্ধ ভক্তকুলের সমর্থন তাঁদের সব অপরাধকে চিরকাল ঢেকে রাখবে। এই ক্ষমতার দম্ভই মানুষকে পশুর চেয়েও অধম করে তোলে। বিচারহীনতার এই দীর্ঘমেয়াদি সংস্কৃতিই মূলত অপরাধীদের অবচেতন মনে একধরনের অভয়পত্র তৈরি করে দেয়।

এই সুবিধাবাদী শ্রেণির মানুষগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—তাঁরা সবসময় অন্ধকারের ভক্ত। প্রকাশ্যে সব কাজ করা তাঁদের পছন্দ নয়; তাঁদের প্রিয় ক্ষেত্র হলো গুপ্ত বা গোপন জগৎ। কারণ, প্রকাশ্যে এলে তাঁদের মুখোশ খুলে যায়। আর এই গোপন জগতের অপরাধীদের জন্য বর্তমান যুগে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ‘যন্ত্র’ বা আধুনিক প্রযুক্তি। স্মার্টফোন, গোপন ক্যামেরা, অডিও রেকর্ডার আর ইন্টারনেট আজ তাঁদের ভণ্ডামির মুখোশ মুহূর্তেই টেনে খুলে দিচ্ছে। আগে যেসব অন্যায় ক্ষমতার জোরে বা লোকচক্ষুর আড়ালে ধামাচাপা দেওয়া যেত, প্রযুক্তির কল্যাণে তা এখন প্রকাশ্য রাজপথে চলে আসছে।

এই কারণেই কায়েমি স্বার্থান্বেষী বা সমাজবিরোধীরা সবসময় মুখে বা আচরণে যন্ত্র বা প্রযুক্তির বিপক্ষে অবস্থান নেয়। তারা প্রযুক্তিকে ভয় পায়, কারণ প্রযুক্তি তাদের গোপন অন্ধকারকে আর চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে দিচ্ছে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অটোমান সুলতান চতুর্থ মুরাদের সময়ে বিজ্ঞানী হেজারফেন আহমেদ চেলেবি যখন ডানায় ভর দিয়ে ওড়ার (বিমানের প্রাথমিক রূপ) চেষ্টা করেছিলেন, তখন তৎকালীন রক্ষণশীল সমাজ তাঁকে স্বাগত জানায়নি। বরং প্রযুক্তির সেই অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয়েছিল। কারণ, নতুন প্রযুক্তি বা যন্ত্র সবসময় প্রতিষ্ঠিত ক্ষমতা এবং পর্দার আড়ালের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে, ক্ষমতার একচ্ছত্র আধিপত্যকে ভেঙে দেয়। আজও যারা ক্ষমতার জোরে বা ধর্মীয় লেবাসের আড়ালে নিজেদের গোপন অপরাধকে আড়াল করতে চান, তাঁরা এই ‘যন্ত্র’ বা সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেশি ভয় পান।

এই নৈতিক পতন আজ কোনো নির্দিষ্ট গোষ্ঠী, পেশা বা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি আমাদের সামগ্রিক সামাজিক কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সম্প্রতি আলোর দিশারী হিসেবে পরিচিত শিক্ষকের হাত ধরেও যখন লালসা, বিবাহবহির্ভূত সম্পর্ক ও সামাজিক পচনের কারণে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে যাওয়ার খবর গণমাধ্যমে আসে, তখন বুঝতে হবে সংকটের গভীরতা কতটা ভয়াবহ। এর বিপরীতে দাঁড়িয়ে ড. আল্লামা ইকবালের সেই কালজয়ী দর্শন আমাদের নতুন করে ভাবতে শেখায়। বাহ্যিক আচার বা প্রাতিষ্ঠানিক সংকীর্ণতার চেয়ে স্রষ্টার সৃষ্টিরহস্যের মাঝে ডুবে থাকা এবং মানুষের আত্মিক শুদ্ধি অর্জন করাই যে প্রকৃত ধর্ম—সেটাই আজ সমাজকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন।

সোশ্যাল মিডিয়া আজ সমাজে একধরনের অনানুষ্ঠানিক আদালতের ভূমিকা নিচ্ছে ঠিকই, কিন্তু শুধু ‘ভাইরাল সংস্কৃতির’ সাময়িক ক্ষোভ দিয়ে দীর্ঘমেয়াদি সামাজিক সংস্কার সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তির আলো অন্ধকারের অপরাধকে সাময়িকভাবে সামনে আনলেও, প্রাতিষ্ঠানিক বিচারহীনতা ও আইনের দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা প্রায়ই পার পেয়ে যায়। একটি অপরাধের রেশ কাটতে না কাটতেই আরেকটি নতুন ঘটনা ভাইরাল হয়, আর পুরোনো অপরাধগুলো ধামাচাপা পড়ে যায়।

তাই অপরাধী যে-ই হোক—তিনি কোনো প্রভাবশালী রাজনীতিবিদ হোন, শিক্ষক হোন কিংবা কোনো ধর্মীয় বক্তা—ধরা পড়লে “শয়তানের ধোঁকা”র অজুহাত দেওয়া এবং শয়তানকে আত্মহত্যার ঝুঁকিতে ফেলার এই রসাত্মক ও অনৈতিক পথ বন্ধ করতে হবে। আমাদের প্রয়োজন কেবল ফেসবুকের ভার্চুয়াল প্রতিবাদ নয়, বরং আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগ, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নৈতিক আত্মশুদ্ধি। মুখোশের আড়ালের মানুষকে চিনে সমাজকে রাহুমুক্ত করতে হলে সর্বাগ্রে প্রয়োজন অন্ধ মোহের অবসান, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং সামাজিক দায়বদ্ধতা।

লেখক: অধ্যাপক সাবির আমিন রেজা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও!

বিস্তারিত কমেন্টে