ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় রুহিয়া কালিতলা বাজারসংলগ্ন মরহুম দবিরুল ইসলাম (জলা)-এর মিল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খুচরা বালাইনাশক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব, রুহিয়া উপজেলা) মো. নাসিরুল আলম। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুজাহিদ, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, বালাইনাশক পরিবেশক অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এম. কে. এ. হাবীব সরকার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবীর (জেম) এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম কৃষি খাতের সমসাময়িক চ্যালেঞ্জ ও উত্তরণের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষির আধুনিকায়নে সার ও বালাইনাশকের পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং রোগবালাই বাড়ছে। তাই মাটি পরীক্ষা করে সঠিক মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ এবং আলুর মতো একটি নির্দিষ্ট ফসলের ওপর নির্ভরতা কমিয়ে শস্যবৈচিত্র্য বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কোনোভাবেই ভেজাল বা অননুমোদিত বালাইনাশক বিক্রি করা যাবে না। সরকার অনুমোদিত মানসম্মত পণ্য বিক্রির পাশাপাশি কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, সারের আবেদনপ্রক্রিয়া এখন সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে, যাতে কৃষকরা ঘরে বসেই আবেদন করতে পারেন। কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্ত ডিলার ও খুচরা বিক্রেতা নিয়োগের পরিকল্পনা রয়েছে। কৃষিসংক্রান্ত যেকোনো সমস্যায় কৃষি অফিসের দরজা সবসময় খোলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার, কৃষি কর্মকর্তা, ডিলার, কোম্পানি ও কৃষক—সবার সমন্বয়ে একটি শক্তিশালী কৃষি ইকোসিস্টেম গড়ে তুলতে পারলেই কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব।
উদ্বোধকের বক্তব্যে আব্দুল জব্বার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ব্যবসায়ীরা কৃষি ও কৃষকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার ওপরই এলাকার কৃষি খাতের সাফল্য নির্ভর করছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বালাইনাশক পরিবেশক অ্যাসোসিয়েশনের সভাপতি এম. কে. এ. হাবীব সরকার সরকারি নীতিমালা মেনে শৃঙ্খলার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জেলা সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবীর (জেম) বলেন, খুচরা ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংগঠন নিরলসভাবে কাজ করছে। এ সভা ব্যবসায়ীদের মধ্যে নতুন গতি সঞ্চার করবে।
সমাপনী বক্তব্যে সভাপতি হবিবর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।