মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি টালমাটাল, তেলের দাম আকাশছোঁয়া এবং জ্বালানি সংকটের আশঙ্কা বেড়ে যাওয়ার মধ্যে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং নতুন ও শক্তিশালী জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-তে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চীনের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই দেশটির পরিকল্পনা ও নির্মাণকাজে দ্রুত গতি আনা প্রয়োজন।
সি জিনপিং বিশেষভাবে চীনের জলবিদ্যুৎ প্রকল্পের ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া ‘নিরাপদ ও সুশৃঙ্খলভাবে’ পরমাণু শক্তির প্রসারেরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী নতুন ‘এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
যদিও প্রেসিডেন্ট সরাসরি ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাতের উল্লেখ করেননি, কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মূল্যের বড় ধরনের ওঠাপড়া চীনের জন্য উদ্বেগের কারণ। দেশের শিল্প উৎপাদন সচল রাখতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে চীন বিকল্প শক্তির সন্ধানে সক্রিয় হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই অস্থির সময়ে চীনের নতুন পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি বাজারের সমীকরণ বদলে দিতে পারে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























