‘মাদকের নেশা, মৃত্যুর পেশা—মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল ও পথসভা করেছে ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপি। কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদও জানান বক্তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে দৈবজ্ঞহাটি বাজার থেকে মিছিলটি বের হয়। বাজারের বিভিন্ন সড়ক ঘুরে চৌরাস্তার মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান খান কেরামত আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম।
বক্তারা মাদকের ক্ষতির কথা তুলে ধরে এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে তাঁরা এর প্রতিবাদ করেন। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
kalprakash.com/IM