মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিলে পাতা মাছ ধরার জালে অজগরটি আটকে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে সাইদুল হক নামে এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর তাঁরা অজগরটিকে জাল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, জালে যেভাবে আটকে ছিল, আর কিছুক্ষণ থাকলে অজগরটি মারা যেতে পারত। তবে সময়মতো উদ্ধার করায় প্রাণীটির কোনো ক্ষতি হয়নি।
উদ্ধার করা অজগরটি পরবর্তী সময়ে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
kalprakash.com/IM