জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের আগে নিউইয়র্কে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’ তারকা হান্নাহ আইনবাইন্ডার। তাদের সঙ্গে শতাধিক বিক্ষোভকারীও আটক হন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি ফার্স্ট অ্যাভিনিউতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আয়োজনে শত শত মানুষ সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘বোমার পরিবর্তে মানুষের পেছনে অর্থ ব্যয় করো’—এ ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড।
আয়োজক সংগঠন জানিয়েছে, বিক্ষোভে প্রায় ৪০০ জন অংশ নেন এবং ১০৪ জন নিউইয়র্কবাসীকে আটক করা হয়। অন্যদিকে, নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, রাস্তা অবরোধ করে অবস্থান নেওয়ার পর অংশগ্রহণকারীদের সরে যেতে সতর্ক করা হয়েছিল। যারা সতর্কতা উপেক্ষা করে অবস্থান চালিয়ে যান, তাদের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়।
সুসান সারান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও অভিনেত্রী সিনথিয়া নিক্সন, এলিয়ট পেজ, ইন্দিয়া মুর, কমেডিয়ান ক্যালেব হিয়ারন এবং সংগীতশিল্পী লুসি ডাকাস ও জুলিয়েন বেকারসহ বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি বিক্ষোভে অংশ নেন। তবে তাদের সবাইকে আটক করা হয়নি।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান হান্নাহ আইনবাইন্ডার। তিনি বলেন, তার ও বন্ধুদের আটকের ছবি যেন শুধু তারকাদের আটকের ঘটনা হিসেবে না দেখা হয়; বরং ফিলিস্তিনের পরিস্থিতির দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করুক।
অন্যদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে ওঠা ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে ইসরায়েল সরকারের বক্তব্য হলো, তারা হামাসকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে এবং গণহত্যার অভিযোগকে তারা অস্বীকার করে।
নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘের সাধারণ পরিষদে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদল বেরিয়ে যায়। একই সময়ে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভও চলতে থাকে।