লোহিত সাগরের উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে মাখোঁ জানান, ইয়ানবু বন্দর সুরক্ষায় ফ্রান্স সেনাসদস্য, রাডার ও বিভিন্ন প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে। তবে এ সহায়তার মাধ্যমে কোনো সংঘাতে ফ্রান্সকে জড়ানোর উদ্দেশ্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।
বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিবহন সংকটে সৌদি আরবের তেল রপ্তানির জন্য ইয়ানবু বন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালি দিয়ে পরিবহন ব্যাহত হওয়ায় বিকল্প রপ্তানি পথ হিসেবে বন্দরটি ব্যবহার করছে সৌদি আরব।
সম্প্রতি ইয়ানবু বন্দর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এর ফলে সৌদি আরবের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে।
সাক্ষাৎকারে মাখোঁ আরও বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে—এমন খবর সত্য হলে তা বিশ্ব অর্থনীতি এবং মার্কিন অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। তবে হোয়াইট হাউস এ ধরনের নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
এদিকে ফ্রান্সে জ্বালানির দাম বাড়তে থাকায় নাগরিকদের আশ্বস্ত করেছেন মাখোঁ। তিনি বলেন, আগামী শীতের জন্য দেশটিতে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।