আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ৬ অক্টোবর হতে যাচ্ছে এক আবেগঘন দিন। বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আলবিসেলেস্তের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির।
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। টিকিটের দাম ৯০ হাজার থেকে প্রায় ৫ লাখ আর্জেন্টাইন পেসো পর্যন্ত নির্ধারণ করা হলেও বিক্রির শুরুতেই দেখা দিয়েছে তীব্র চাহিদা।
টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মেসির বিদায়ী ম্যাচের জন্য ৮৫ হাজার ১৮টি টিকিট বিক্রির জন্য ছাড়া হয়। শেষবার স্টেডিয়ামে বসে মেসিকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি আর্জেন্টাইন সমর্থকেরা। মাত্র দুই ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচটি। এই ম্যাচে মেসির জন্য থাকছে বিশেষ আয়োজন। তিনি যে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামবেন, তাতে তার নাম সোনালি অক্ষরে লেখা থাকবে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে মেসির বিশেষ ১০ নম্বর জার্সির ছবিও। সেখানে লেখা হয়েছে, ‘শেষ একটি ম্যাচ। সারাজীবনের জন্য একটি জার্সি।’
আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ ঘিরে তাই শুধু মাঠেই নয়, পুরো বুয়েন্স আয়ার্সজুড়েই তৈরি হয়েছে বিশেষ আবহ। বিশ্বকাপজয়ী এই তারকার আলবিসেলেস্তে অধ্যায়ের শেষ মুহূর্তটি সরাসরি দেখতে হাজারো সমর্থক এখন অপেক্ষায়।