ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪৪, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৯৬, মিরপুরে ৯২, গুলশানে ৪৬, উত্তরা বিভাগে ৯৩, গোয়েন্দা বিভাগে ১৬ এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।