নীলফামারীর কিশোরগঞ্জে ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পাবলিক লাইব্রেরি উদ্বোধনের প্রায় দুই মাস পার হলেও পাঠকদের জন্য চালু করা হয়নি। শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার সুযোগ তৈরির উদ্দেশ্যে নির্মিত প্রতিষ্ঠানটি এখনো তালাবদ্ধ। এতে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনাটি কার্যত অব্যবহৃত পড়ে রয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে গিয়ে লাইব্রেরিটি বন্ধ অবস্থায় দেখা যায়। প্রধান ফটকে ঝুলছে তালা। চারপাশে জমে রয়েছে ময়লা-আবর্জনা। ফলে বই পড়তে আগ্রহী শিক্ষার্থী ও সাধারণ পাঠকেরা লাইব্রেরির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে উপজেলা পাবলিক লাইব্রেরিটি নির্মাণ করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়েছে। তবে উদ্বোধনের পর থেকে পাঠকদের জন্য এটি উন্মুক্ত করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে লাইব্রেরি নির্মাণ ও উদ্বোধন করা হলেও সেটি পরিচালনার কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত প্রয়োজনীয় বই সংগ্রহ, পাঠবান্ধব পরিবেশ তৈরি, নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ এবং দায়িত্বপ্রাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে লাইব্রেরিটি চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজরিন ঢাকা পোস্টকে বলেন, পাবলিক লাইব্রেরি উদ্বোধন হয়েছে বলে শুনেছেন। কিন্তু সেখানে যাওয়ার জন্য কখনো তাঁদের বলা হয়নি। বেশির ভাগ সময় লাইব্রেরিটি বন্ধ দেখতে পান।
একই বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, লাইব্রেরিটি উপজেলা পরিষদ চত্বরে হওয়ায় তাঁরা সাধারণত সেখানে যান না। এটি বিদ্যালয় চত্বরে হলে যেকোনো সময় গিয়ে বই পড়ার সুযোগ পেতেন। তা ছাড়া লাইব্রেরিটি সব সময় বন্ধ থাকে।
কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইব্রেরি উদ্বোধনের খবর দেখেছিলেন। তবে কয়েকবার উপজেলা পরিষদে গিয়ে সেটি বন্ধ পেয়েছেন। লাইব্রেরিটি চালু থাকলে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পেতেন এবং এতে শিক্ষার্থীরা উপকৃত হতেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।