ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ২৩১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন ও অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, ‘জীবন ও কর্মক্ষেত্রে প্রবেশের পর প্রত্যেক শিক্ষার্থীকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। বিশেষ করে যেকোনো পেশায় যুক্ত হওয়ার পর পেশার যথাযথ মূল্যায়ন এবং পেশাদারত্ব বজায় রাখতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে।’
তিনি আরও বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও বিভাগকে এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের কোর্স সম্পন্ন করানোর ক্ষেত্রে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়াত সাদিয়ার স্মরণে বিভাগে একটি লাইব্রেরি কক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।
সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘নিজস্ব শিক্ষক বা জনবলের ঘাটতি থাকলেও অন্যান্য বিভাগের শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে শ্রম দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিয়েছেন। বিভিন্ন সংকটে প্রশাসন ও নির্দিষ্ট শিক্ষকদের ওপর দায়িত্ব অর্পণ করে বিভাগটিকে টিকিয়ে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা ও শিক্ষকের ঘাটতির দোহাই না দিয়ে শিক্ষার্থীদের এখন চাকরির বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। নিজেদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে বিভাগের সুনাম ও সম্মান বৃদ্ধি করতে হবে।’