ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর-সংলগ্ন অস্থায়ী মন্দিরে এ পূজার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্চয় কুমার সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তপন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক সজল রায়, কোষাধ্যক্ষ দুরন্ত রায় মিলন ও সাংস্কৃতিক সম্পাদক সৈতক সরকারসহ অন্যান্য সদস্য।
পূজা উপলক্ষে প্রতিমা স্থাপন, দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, ধুনুচি নাচ, পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার পাল বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও আমরা শ্রী শ্রী শ্যামাকালী পূজার আয়োজন করেছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করেছেন। এর আগে আমরা ইবি থানার পাশে পূজার আয়োজন করতাম। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এখানে আয়োজন করেছি।’