ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগও গ্রহণযোগ্য নয়। তাঁর দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো বিবেচনা করার সুযোগ নেই। ইতোমধ্যে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানাবে সরকার। তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, কোনো আইনজীবী কিংবা বিদেশি আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোটিশ বা প্রতিনিধিত্ব করা হলে তাতে শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।
শেখ হাসিনার শাসনামলে ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, ভারতে অবস্থান করেও শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এ ছাড়া শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়েও সমালোচনা করেন তিনি। প্রতিমন্ত্রীর দাবি, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।
যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচার করায় ব্রিটিশ সংসদ সদস্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। পরে ওই প্রতিষ্ঠানকে সরে যেতে হয়। যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে তাঁর আইনজীবীরা নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন, যা রয়টার্স দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।