বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ফরমের মাধ্যমে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। এতে ভিসা আবেদনে এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছে হাইকমিশন।
শুক্রবার (৬ নভেম্বর) এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত আন্ডারটেকিং ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
হাইকমিশন জানায়, নতুন ফরমে প্রয়োজনীয় তথ্য আরও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে আবেদনকারীরা সহজেই নির্দেশনা বুঝে ফরম পূরণ করতে পারবেন। পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন প্রক্রিয়ায় অভিন্নতা বজায় থাকবে।
ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে হাইকমিশন।
তবে ফরমের কাঠামো সরল করার সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। বিদ্যমান যোগ্যতার মানদণ্ড আগের মতোই বহাল রয়েছে।
বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমানো এবং ভিসা-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সহজ করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন এনেছে ভারতীয় হাইকমিশন।