বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুবিধার্থে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের কাস্টডিয়াল হিসাব খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা ও উত্তোলন করা গেলেও কোনো সুদ পাওয়া যাবে না। একই সঙ্গে হিসাবগুলো ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স বা তৃতীয় পক্ষের সঙ্গে লেনদেন করা যাবে না।
সম্প্রতি এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সীমা মেনে এবং ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখার শর্তে মানি চেঞ্জাররা এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখতে পারবেন।
বৈদেশিক মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংক থেকে নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অথবা নিরাপত্তা প্রহরীসহ সুরক্ষিত পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে।
এ ছাড়া দিনের শেষ সময়ে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার সুবিধার্থে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, মানি চেঞ্জাররা তাঁদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক অথবা উত্তোলন স্লিপ ব্যবহার করে এসব হিসাব থেকে অর্থ তুলতে পারবেন। তবে উত্তোলনের পরিমাণ হিসাবের জমার স্থিতির বেশি হতে পারবে না। এ ধরনের হিসাবে কোনো ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, কাস্টডিয়াল হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো এবং তৃতীয় পক্ষের অনুকূলে কোনো লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব হিসাবের সব লেনদেন বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।