সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৯:০৫
শিরোনাম
● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০৩
শেয়ার: mail
জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা

একসময় রঙিন প্রজাপতির অবাধ বিচরণে মুখর থাকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। সবুজ ঝোপঝাড়, ফুলের বাগান আর প্রাকৃতিক উদ্ভিদে সমৃদ্ধ ক্যাম্পাসটি ছিল নানা প্রজাতির প্রজাপতির নিরাপদ আবাসস্থল। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। কমছে বাগান, হারিয়ে যাচ্ছে পোষক উদ্ভিদ, সংকুচিত হচ্ছে প্রজাপতির আবাসস্থল। পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেও কমছে এ পতঙ্গের প্রজাতিগত বৈচিত্র্য।

এমন পরিস্থিতির মধ্যেই আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রজাপতি মেলা। ২০১০ সাল থেকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা তৈরি। তবে প্রতিবছর মেলার আয়োজন হলেও বছরজুড়ে প্রজাপতির আবাসস্থল রক্ষায় কার্যকর উদ্যোগ কতটা নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতির অস্তিত্ব পাওয়া যেত। ২০১৩ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১০০টিতে। পরবর্তী সময়ে পরিস্থিতির আরও অবনতি হয়। ২০২৩ সালে পরিচালিত গবেষণা জরিপে ক্যাম্পাসে ৭০ প্রজাতির প্রজাপতির অস্তিত্ব শনাক্ত করেন সংশ্লিষ্ট গবেষকেরা। বর্তমানে নথিভুক্ত প্রজাতির সংখ্যা আরও কমে ৭০টির নিচে নেমে এসেছে।

প্রজাপতির সংখ্যা ও বৈচিত্র্য কমে যাওয়ার পেছনে আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন, বাগানের সংখ্যা হ্রাস, পরিবেশদূষণ এবং সংরক্ষণে সচেতনতার অভাবকে দায়ী করছেন গবেষকেরা।

 

মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতির বংশবিস্তারের জন্য প্রয়োজনীয় গাছপালা ও ঝোপঝাড়ের সংখ্যা কমে যাচ্ছে। এসব উদ্ভিদ প্রজাপতির খাদ্য এবং ডিম পাড়ার উপযুক্ত স্থান হিসেবে কাজ করে। ফলে পোষক উদ্ভিদের সংকটে তাদের জীবনচক্র বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, শুধু ফুলের গাছ লাগালেই প্রজাপতির উপযুক্ত আবাসস্থল তৈরি হয় না। শূককীটের খাদ্য ও আশ্রয়ের জন্য নির্দিষ্ট উদ্ভিদ এবং প্রাকৃতিক ঝোপঝাড়ও সংরক্ষণ করতে হয়।

জাবি ক্যাম্পাসে প্রজাপতির শূককীটের পোষক উদ্ভিদ নিয়ে পরিচালিত এক সমীক্ষায় ৩৭টি পরিবারের ১০৭ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। এসব উদ্ভিদের ওপর নির্ভরশীল ৭২ প্রজাতির প্রজাপতির তথ্য পাওয়া গেছে। চালতা, লেবু, পলাশ, ধান, সোনালু, আকন্দ ও লজ্জাবতীর মতো উদ্ভিদ প্রজাপতির জীবনচক্রের জন্য গুরুত্বপূর্ণ।

সমীক্ষায় ক্যাম্পাসের ১০টি এলাকায় ১২টি গুরুত্বপূর্ণ পোষক উদ্ভিদের বিস্তৃতিও পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণায় উঠে এসেছে, প্রজাপতির অস্তিত্ব টিকিয়ে রাখতে ফুলের বাগানের পাশাপাশি শূককীটের জন্য প্রয়োজনীয় উদ্ভিদ সংরক্ষণও জরুরি।

ক্যাম্পাসে বাগানের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের মালিদের পর্যবেক্ষণেও। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, পুরো ক্যাম্পাসে প্রায় ১৫০ জন মালি কর্মরত রয়েছেন। পুরোনো আবাসিক হলগুলোতে চার থেকে ছয়জন করে মালি দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের এক মালি জানান, আগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক ফুলের বাগান ছিল। বিভিন্ন ধরনের ফুলগাছ থাকায় সেখানে প্রচুর প্রজাপতির আনাগোনা দেখা যেত। কিন্তু বর্তমানে অনেক জায়গায় আগের মতো বাগান নেই।

তিনি বলেন, শীতকালে বিভিন্ন হলের শিক্ষকদের নির্দেশনায় ফুলের বাগান তৈরির কাজ করা হয়। তবে বছরের অন্যান্য সময়ে বাগান তৈরির বিষয়ে তেমন নির্দেশনা পাওয়া যায় না।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিয়োজিত মালিদের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন আবাসিক শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, শীতকালে ফুলের বাগান তৈরির উদ্যোগ দেখা গেলেও বছরের অন্য সময়ে বাগান পরিচর্যা কিংবা প্রজাপতির উপযোগী গাছ লাগানোর তৎপরতা কম।

মওলানা ভাসানী হলের এক শিক্ষার্থী বলেন, শীতকালে ফুলের বাগান তৈরির তোড়জোড় থাকলেও বছরের বাকি সময়ে বাগান পরিচর্যা বা প্রজাপতি আকর্ষণকারী গাছ রোপণে তেমন উদ্যোগ দেখা যায় না। উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবনে দায়িত্ব পালন করা মালিদের মতো হলের মালিদের কাজে একই ধরনের দায়িত্বশীলতা চোখে পড়ে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান খান বলেন, এস্টেট অফিসের অধীনে প্রায় ২০ থেকে ২৫ জন মালি কাজ করেন। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ বাগানের পরিচর্যা। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুষদেও তাঁদের কাজে লাগানো হয়। তবে হলগুলোতে নিয়োজিত মালিরা এস্টেট অফিসের অধীনে নন।

 

প্রজাপতির সংখ্যা কমে যাওয়ার প্রভাব শুধু এই পতঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবেশের খাদ্যশৃঙ্খলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আশিস কুমার দত্ত বলেন, প্রজাপতির শূককীট বিভিন্ন প্রজাতির পাখির গুরুত্বপূর্ণ খাদ্য। বিশেষ করে পাখির ছানাদের বেড়ে ওঠার সময় এসব শূককীট পুষ্টিকর খাবার হিসেবে কাজ করে। ফলে পরিবেশে শূককীটের প্রাপ্যতা কমে গেলে কিছু পাখির খাদ্যসংকট তৈরি হতে পারে। এতে তাদের বেঁচে থাকা ও প্রজননও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাঁর মতে, প্রজাপতির আবাসস্থল সংকুচিত হলে তার প্রভাব ক্যাম্পাসের অন্যান্য প্রাণীর ওপরও পড়তে পারে।

প্রজাপতির জন্য আরেকটি ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, মশার লার্ভা ধ্বংসে ব্যবহৃত রাসায়নিক এবং মশা নিয়ন্ত্রণে ছিটানো কীটনাশক অন্যান্য পতঙ্গের ওপরও প্রভাব ফেলতে পারে।

তবে রাসায়নিকের ধরন, মাত্রা ও প্রয়োগস্থানের ওপর এর প্রভাব নির্ভর করে। তাই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার সময় পরিবেশের উপকারী পতঙ্গের সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সুজন ইসলাম বলেন, প্রজাপতি মেলার মাধ্যমে মানুষের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরি হয়। তবে শুধু এক দিনের আয়োজন যথেষ্ট নয়। ক্যাম্পাসে বাগানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রজাপতি ও অন্যান্য উপকারী পতঙ্গের উপযোগী গাছ লাগাতে হবে।

প্রজাপতির আবাসস্থল রক্ষায় নিয়মিত পর্যবেক্ষণ, প্রজাতিভিত্তিক তথ্য সংগ্রহ, দীর্ঘমেয়াদি গবেষণা, পোষক উদ্ভিদ রোপণ এবং প্রাকৃতিক ঝোপঝাড় ও সবুজ এলাকা সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রজাপতি মেলা প্রসঙ্গে অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু দর্শনার্থীদের বিনোদন দেওয়া নয়, বরং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরি করা। এবারের মেলায় প্রজাপতি ও তাদের পোষক উদ্ভিদ নিয়ে একটি সচিত্র বই প্রকাশের পরিকল্পনা রয়েছে। বইটিতে প্রজাপতির শূককীট, পোষক উদ্ভিদ শনাক্তকরণ এবং প্রজাপতির উপযোগী বাগান তৈরির বিষয়ে তথ্য থাকবে।

একসময় প্রজাপতির বৈচিত্র্যের জন্য পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন এই রঙিন পতঙ্গের অস্তিত্ব রক্ষাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ২৭ নভেম্বরের মেলা সচেতনতা তৈরিতে ভূমিকা রাখলেও প্রজাপতির হারানো আবাসস্থল ফিরিয়ে আনতে প্রয়োজন বছরজুড়ে পরিকল্পিত সংরক্ষণ কার্যক্রম।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা

বিস্তারিত কমেন্টে