অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। কষ্টেসৃষ্টে কাটছিল তার দিন। এবার এই অভিনেতার পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান।
আজ বৃহস্পতিবার রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান। ঢাকা মেইলকে খবরটি তিনি নিজেই নিশ্চিত করেন। এক খুদে বার্তায় জায়েদ খান বলেন, শিল্পীর পাশে শিল্পী থাকবে, এটাই স্বাভাবিক। ওই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন। রিফাত ভাইয়ের সুস্থতা কামনা করছি।
এদিকে অভিনয় শিল্পী সংঘও রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা করা হয়েছে। অভিনেতা চঞ্চল চৌধুরীও সামাজিক মাধ্যমে রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এবার সাহায্যের হাত বাড়ালেন জায়েদ খান।
পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। গত ১৪ তারিখে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। শুরুতে ফ্লোরেই কাটছিল তার দিন। পরে বেড মেলে। অভিনেতার দুরবস্থার খবর সংবাদমাধ্যমে উঠে এলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। সেখানেই চলছে তার চিকিৎসা।
kalprakash.com/IM