বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা। পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ ও পাটজাত পণ্য আমদানির জন্য মিশরের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এ সময় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মিশরের সাবেক রাষ্ট্রপতি আনোয়ার আল-সাদাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, দুই নেতার সেই বন্ধুত্ব বাংলাদেশ ও মিশরের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।
বৈঠকে কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে ফিলিস্তিন ইস্যু এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তারা।