টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রুহিয়া মধুপুর কালিতলা বাজারসংলগ্ন এলাকায় এ জলসার আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা জলসাস্থলে উপস্থিত হন।
জলসা চলাকালে বৃষ্টি অব্যাহত থাকলেও এতে মুসল্লিদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। অনেককে ছাতা নিয়ে ওয়াজের প্যান্ডেলে অবস্থান করে বক্তাদের বয়ান শুনতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জলসাস্থলে তৈরি হয় ধর্মীয় আবহ।
জলসায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মুফতি মাওলানা মঞ্জুর মোর্শেদ রাকিব, খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা খালিদ সাইফুল্লাহ লিমন, খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল। তৃতীয় বক্তা ছিলেন মৌলভী ইসলাম উদ্দিন, বিশ্ব জাকের মঞ্জিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ইসমাইল হোসেন, উপদেষ্টা, কর্মী গ্রুপ, রুহিয়া উপজেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই বাবু, কর্মী প্রধান, ঠাকুরগাঁও জেলা।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে জলসার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগত মুসল্লিদের জন্য তবারকেরও ব্যবস্থা করা হয়।
শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে জলসার সমাপ্তি হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।