জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদসহ মো. আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক আব্দুল মালেক ওই এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন, এসআই আল-আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লবসহ পুলিশের একটি দল পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল মালেকের দোকানের পেছনে মহাসড়কসংলগ্ন আব্দুল জলিলের পুকুরের কচুরিপানার নিচে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মালেককে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—৩৩ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ইউস্কি এবং ১২ বোতল ভদকা।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM