জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অপহৃত ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে লিখিত অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল শনিবার (১২ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জের সীমান্তবর্তী গাইবান্ধা জেলার মোল্লারচর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মোছাঃ লাইজুর জান্নাত লিমা নামের ওই ছাত্রীকে উদ্ধার করে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পাটাধোয়াপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং স্থানীয় নিউটন প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী লাইজুর জান্নাত লিমাকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় নয়ন (২০) নামের এক বখাটে যুবক।
গত ২২ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে ওই ছাত্রী ফুফুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলে সানন্দবাড়ী আলিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ওঁৎ পেতে থাকা নয়ন, তার ভাই মিজানুর (২৫) ও বাবা আব্দুল মজিদ (৫৫) জোরপূর্বক তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে।
পরিবারের সদস্যরা দীর্ঘ সময় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত দেওয়ানগঞ্জ মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের দিকনির্দেশনা ও নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। পরবর্তীতে জামালপুর ও গাইবান্ধা জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত মোল্লারচর এলাকা থেকে ওই ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে অপহৃত শিক্ষার্থী উদ্ধার হওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া ছাত্রীকে তার মা মোছাঃ আফরোজা খাতুন শাপলা ও নিকটাত্মীয়দের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত নয়নসহ এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
kalprakash.com/IM