বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় ৪০০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। চার মাস মেয়াদি এ প্রশিক্ষণ কার্যক্রম বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত হবে।
বিআরটিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করা হবে। পাশাপাশি ক্লাসে উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের দৈনিক ২৫০ টাকা হারে টিএ/ডিএ ভাতা দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন ২৫ জন করে একেকটি ব্যাচে একজন দক্ষ ড্রাইভিং ইনস্ট্রাক্টরের মাধ্যমে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম দুটি শিফটে পরিচালিত হবে—প্রথম শিফট সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিদিন সাড়ে চার ঘণ্টা করে মোট ৮০ দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে।
ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩টা পর্যন্ত। এরপর ৭ ও ৮ সেপ্টেম্বর প্রশিক্ষণার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ থেকে ৫০০ রোলধারী প্রার্থীদের নির্বাচন ৭ সেপ্টেম্বর এবং ৫০১ থেকে অবশিষ্ট রোলধারীদের নির্বাচন ৮ সেপ্টেম্বর সম্পন্ন হবে। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১১০ নম্বর কক্ষ (গন্ধরাজ) থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। ভর্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ৩২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮ ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
kalprakash.com/IM