নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (এনওয়াইপিএল) অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির আফটার স্কুল কর্মসূচির আওতায় এ নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে বাড়ির কাজ বা হোমওয়ার্কে সহায়তা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে মূল দায়িত্ব।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে নিউইয়র্কের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরি। এটি একটি পার্টটাইম চাকরি। ঘণ্টাপ্রতি বেতন ২২ ডলার।
সপ্তাহে চার দিন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে হবে। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে।
আবেদনে যেসব যোগ্যতা লাগবে
এ পদে আবেদন করতে হলে স্বীকৃত ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বর্তমানে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে অন্তত দুই বছরের স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন হতে হবে।
এ ছাড়া শিশু বা কিশোরদের নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, পড়া, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানের মতো বিষয়ে পড়ানো বা টিউশনি করানোর অভিজ্ঞতাও প্রয়োজন।
আবেদনকারীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ এবং তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি শিশুদের অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো যোগাযোগের সক্ষমতা প্রয়োজন।
বাংলা জানা প্রার্থীরা পাবেন বাড়তি সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো, দ্বিতীয় ভাষায় দক্ষ প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
ফলে বাংলা ভাষায় দক্ষ নিউইয়র্কের বাংলাদেশি প্রার্থীদের জন্য এটি একটি সম্ভাবনাময় সুযোগ। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয়। শুধু বাংলা ভাষায় দক্ষতা থাকলেই চাকরি নিশ্চিত হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতাও থাকতে হবে।
চাকরিতে যেসব দায়িত্ব পালন করতে হবে
দায়িত্বের মধ্যে রয়েছে—
শিশুদের স্বাগত জানানো এবং তাদের পড়াশোনা ও হোমওয়ার্কে সহায়তা করা।
গণিত, বিজ্ঞান, পড়া ও সামাজিক বিজ্ঞানের মতো বিষয়ে ব্যক্তিগত ও দলগতভাবে সহযোগিতা করা।
শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা।
অভিভাবক ও পরিচর্যাকারীদের কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া।
বিশেষ সহায়তার প্রয়োজন হলে শিশুদের লাইব্রেরির সংশ্লিষ্ট কর্মীদের কাছে পাঠানো।
শিক্ষার্থীদের উপস্থিতি, পরিসংখ্যান ও প্রয়োজনীয় প্রশাসনিক হিসাব সংরক্ষণ করা।
শিক্ষাসামগ্রী গুছিয়ে রাখা এবং শিশুদের মধ্যে বিতরণ করা।
কত দিন চলবে কর্মসূচি?
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আফটার স্কুল কর্মসূচি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলবে। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ থাকা, সরকারি ছুটি এবং কর্মসূচির নির্ধারিত বিরতির দিনগুলোতে কাজের শিডিউল থাকবে না। গ্রীষ্মকালীন ছুটির সময়ও নিয়মিত দায়িত্ব পালন করতে হবে না।
তবে মাঝেমধ্যে অতিরিক্ত সময় দিয়ে স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে। এ পদে কর্মীদের লাইব্রেরির শাখায় সরাসরি উপস্থিত থেকে কাজ করতে হবে। প্রয়োজনে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে যাতায়াতের প্রয়োজন হতে পারে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor – Bloomingdale Library’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন।
আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের সময়সূচি ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নিতে হবে। পাশাপাশি পদটির বর্তমান নিয়োগ অবস্থা এবং আবেদনের শেষ তারিখও দেখে নেওয়া জরুরি।
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, পূর্ব অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনা করবে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি।