ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ভারত-চীন সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের ২৫তম দফার আলোচনার আগে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।
বৈঠকে উভয়পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপক্ষীয় মঞ্চে ভারত-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
এদিন বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উপনীত ঐকমত্য অনুযায়ী অজিত দোভাল ও হান ঝেং সীমান্তে শান্তি জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত সংক্রান্ত আলোচনার জন্য দুই দিনের সফরে সোমবার বেইজিংয়ে পৌঁছান অজিত দোভাল। ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধ নিরসনে ২০০৩ সালে প্রবর্তিত ‘বিশেষ প্রতিনিধি ব্যবস্থা’ দুই দেশের মধ্যকার প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে আসছে।
২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার পর নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক ক্রমান্বয়ে স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই পক্ষই একটি স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্কের মধ্য দিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠনে জোর দিচ্ছে। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ধারাবাহিক উচ্চপর্যায়ের আলোচনার ধারাকে এগিয়ে নিতেই উভয় দেশ এ প্রচেষ্টা চালাচ্ছে।
আগামী সেপ্টেম্বরে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নয়াদিল্লি সফরের কথা রয়েছে। এর ঠিক আগমুহূর্তে অজিত দোভালের বেইজিং সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
kalprakash.com/IM