শ্বাসতন্ত্রের রোগ মোকাবিলায় আধুনিক চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তির নতুন সম্ভাবনা নিয়ে মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত ৩০তম এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজি (এপিএসআর ২০২৬) আন্তর্জাতিক কংগ্রেসের সমাপ্তি হয়েছে। চার দিনব্যাপী এ সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪০টি দেশের প্রায় তিন হাজার বক্ষব্যাধি বিশেষজ্ঞ, গবেষক ও স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন। সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেন প্রায় ৩৭৫ জন চিকিৎসক।
‘Reimagining Respiratory Care’ বা শ্বাসতন্ত্রের চিকিৎসাকে নতুনভাবে বিনির্মাণ—এই প্রতিপাদ্য নিয়ে ১৯ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সিওপিডি, অ্যাজমা, ফুসফুসের ক্যানসার ও যক্ষ্মাসহ বিভিন্ন জটিল শ্বাসতন্ত্রের রোগের আধুনিক চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয়, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চিকিৎসার ব্যয় কমিয়ে উন্নত সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।
সম্মেলনে অংশগ্রহণকারীরা প্লেনারি লেকচার, সিম্পোজিয়াম, কর্মশালা, মৌখিক গবেষণা প্রবন্ধ উপস্থাপনা ও পোস্টার সেশনে অংশ নেন। এ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শ্বাসতন্ত্র বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং ও মতবিনিময়ের সুযোগ পান তাঁরা।
সম্মেলন শেষে বাংলাদেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞদের জন্য নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. আলী হোসেন। নিউজ টোয়েন্টিফোরকে তিনি জানান, ২০৩০ সালের এপিএসআর আন্তর্জাতিক কংগ্রেস বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে তাঁরা আশাবাদী।
তিনি আরও বলেন, আগামী বছরের নভেম্বরে বাংলাদেশে বক্ষব্যাধি বিশেষজ্ঞদের জাতীয় সম্মেলন ‘পালমোকন’ অনুষ্ঠিত হওয়ার পরপরই আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের প্রস্তুতি জোরদার করা হবে।
বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. আসিফ মুজতবা মাহমুদ জানান, বিশ্বের প্রধান পাঁচটি ফুসফুসের রোগ—অ্যাজমা, সিওপিডি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ফুসফুসের ক্যানসার ও যক্ষ্মা মোকাবিলায় এবারের সম্মেলনে ‘বিগ ফাইভ’ কর্মশালার আয়োজন করা হয়। এতে রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সহজলভ্য চিকিৎসাব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস শাকুর খান বলেন, এবারের কংগ্রেসে বাংলাদেশ লাং ফাউন্ডেশন থেকে সর্বোচ্চসংখ্যক প্রতিনিধি অংশ নিয়েছেন, যা সংগঠনটির জন্য একটি নতুন রেকর্ড। সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি তরুণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. কাজী সাইফুদ্দিন বেননুর বলেন, আন্তর্জাতিক এ সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক রোগ নির্ণয় পদ্ধতির প্রসার এবং শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসা আরও সহজলভ্য করতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক এ আয়োজনের মধ্য দিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শ্বাসতন্ত্রের রোগ মোকাবিলায় গবেষণা, জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের চিকিৎসকদের প্রত্যাশা, ভবিষ্যতে এ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজক হওয়ার মধ্য দিয়ে বিশ্বপরিসরে দেশের বক্ষব্যাধি চিকিৎসার সক্ষমতাও আরও দৃশ্যমান হবে।
kalprakash.com/sd