দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় এবং তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন।
রোববার (২২ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে কেবল বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে সম্মানজনক পেশা ও জীবিকার উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে খেলোয়াড়েরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা পাওয়ার পাশাপাশি অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন।
ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ উদ্যোগে সম্পৃক্ত করে সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসাউন্ডসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতালেও প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগীদের বেড চার্জে বিশেষ ছাড় দেওয়া হবে।
এ ছাড়া লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা নির্ধারিত ছাড়ে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধা পাবেন।
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা গ্রহণ সহজ হবে। বিশেষ করে টেলিমেডিসিন সেবার মাধ্যমে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হবে।
kalprakash.com/sd