সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৬৮ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৩ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার ২৮০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন।
এদিকে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৩ জনে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৫৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮৭ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
kalprakash.com/sd