নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সাঁজোয়া সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্বীপটির এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে প্রায় ৮ কিলোমিটার পথ সামরিক যান চালিয়ে অতিক্রম করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত এটিভি মডেলের একটি বিশেষ হালকা সাঁজোয়া যান চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উপ-প্রেস সচিব জানান, প্রায় ৮ কিলোমিটার পথ অতিক্রম করার সময় প্রধানমন্ত্রী সড়কের দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ধানখেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথ ধরে ধীরগতিতে সামরিক যানটি চালিয়ে গন্তব্যে পৌঁছান তিনি।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকার থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
স্বর্ণদ্বীপের পেছনের ইতিহাস
১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে স্বর্ণদ্বীপ, যা একসময় জাহাজ্জার চর নামে পরিচিত ছিল। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত।
একসময় জলদস্যু ও ডাকাতদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল দ্বীপটি। ২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জলদস্যু ও ডাকাতদের নির্মূল করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই দিন থেকে দ্বীপটিতে সেনা মোতায়েন করা হয়।
পরবর্তী সময়ে ২০১৩ সালের ১৫ আগস্ট এবং ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রায় আট মাস স্বর্ণদ্বীপ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। অন্যদিকে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নেমে যাওয়ায় দ্বীপটি যান চলাচল ও প্রশিক্ষণের জন্য উপযোগী হয়ে ওঠে। বর্তমানে এটিকে সেনাবাহিনীর একটি আধুনিক ও আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলছে।
শুধু সামরিক প্রশিক্ষণ নয়, স্বর্ণদ্বীপে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদিপশু পালন, দুগ্ধ খামার, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য চাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বিসিসিটির যৌথ উদ্যোগে দ্বীপটিতে ইতোমধ্যে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে।