মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে বাংলাদেশের সচেতন জনগণ আর কখনো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে খাটো ও বিতর্কিত করে সদ্য পতিত স্বৈরাচারী গোষ্ঠীকে রাজনৈতিক সুবিধা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে স্বাধীন বাংলাদেশে কোনো অবস্থাতেই বীর মুক্তিযোদ্ধাদের ছোট করা বা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করার সুযোগ দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন।
বিগত স্বৈরাচারী শাসনের নির্মম নির্যাতনের চিত্র স্মরণ করে তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের শত চেষ্টা ও চরম দমন-পীড়নের মুখেও রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে ছিল দেশের গণতন্ত্রকামী জনগণ। মরহুম আরাফাত রহমান কোকো প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত না থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকেও সীমাহীন নির্যাতনের শিকার হতে হয়েছিল।”
মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সাথে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
kalprakash.com/IM