সম্প্রতি টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত ১ হাজার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি এলাকার এডিসি হিলের ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. হাবীব আজমের তত্ত্বাবধানে বিশেষ বরাদ্দের অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু এবং জেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মো. নুরনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগের এ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্যসংকট মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে খাদ্যশস্য বিতরণ করা হবে।
খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।