ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ জনতা ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হলে এ সড়ক অবরোধের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে বিকেল ৫টায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের আশ্বাসের পর সন্ধ্যা ৬টায় যান চলাচল স্বাভাবিক হয়।
আহত দেলদার হোসেন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি শঠিবাড়ী সংলগ্ন চাঁদনী চাঁদপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী জনতা ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন দেলদার হোসেন। এ সময় ঢাকাগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় দুপুর ১টার দিকে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক এবং উপজেলা বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। এ সময় বিক্ষুব্ধরা সেখানে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। প্রশাসনের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দিলে সন্ধ্যা ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, এর আগেও একই স্থানে সড়ক দুর্ঘটনায় একজন পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তখনও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। এছাড়া বিভিন্ন সময়ে একাধিক দুর্ঘটনার পর স্থানীয়রা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছেন এবং সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন ও চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত শঠিবাড়ী বন্দরে কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। তাদের অভিযোগ, সাসেক প্রকল্পের আওতায় ভুল পরিকল্পনা ও ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, “ঘটনাস্থলে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে।”
মহাসড়ক নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সাসেক প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, “আগামী ১৫ জুনের মধ্যে ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু হবে।
kalprakash.com/SAS
কাল প্রকাশ 






















