বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে। ঈদ উপলক্ষে দেওয়া রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা এখন আর কার্যকর থাকছে না।
তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে শপিং মলের ভেতরে থাকা সিনেমা হলগুলো আগের মতোই নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত শো পরিচালনা করতে পারবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি বলেন, ঈদের আগে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল যাতে সিনেমা হল ও সিনেপ্লেক্সকে এই নির্দেশনার বাইরে রাখা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় সেই আবেদন অনুমোদন করেছে।
স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে বলেন, শপিং মল নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ হলেও সিনেমা প্রদর্শন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
এর ফলে স্টার সিনেপ্লেক্সসহ দেশের সব মাল্টিপ্লেক্স ও সিনেমা হল দর্শকদের জন্য স্বাভাবিক সময় অনুযায়ী চলবে, এবং ঈদের সিনেমাগুলো নির্বিঘ্নে উপভোগ করা যাবে।
এদিকে এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা, যার মধ্যে রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘মাসুদ রানা’ এবং ‘তছনছ’।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 























