ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের প্রভাবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি বড় ধরনের সংকোচনের মুখে পড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে বার্ষিকভিত্তিতে অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।
ইসরায়েলি অর্থনৈতিক সংবাদমাধ্যম গ্লোবস জানায়, টানা দুই প্রান্তিকের প্রবৃদ্ধির ধারা ভেঙে দিয়ে যুদ্ধ পরিস্থিতি এখন দেশটির অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে মাথাপিছু জিডিপি ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সময়ে ব্যক্তিগত ভোগব্যয়ও কমেছে ৪ দশমিক ৭ শতাংশ, যা অভ্যন্তরীণ বাজারে অনিশ্চয়তা ও ভোক্তা আস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে সামরিক ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। সরকারি হিসাবে, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ব্যয় প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি বিনিয়োগ, ভোগব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ নিয়েও বিতর্ক রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধসংক্রান্ত অর্থনৈতিক ও মানবিক ক্ষতির তথ্য প্রকাশে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে ইসরায়েল সরকার। ফলে বাস্তব পরিস্থিতির অনেক তথ্য জনসমক্ষে আসছে না বলে দাবি করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 




















