কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সহকর্মী, নির্মাতা ও শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতিচারণা করছেন।
এবার আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা তারিক আনাম খান।
তিনি লেখেন, কারিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল খুবই সীমিত সময়ের, তবে তা ছিল অর্থবহ। তিনি বলেন, আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসঙ্গে থেকে আলাদা হয়ে গেল। কথাটা বলা হয়নি, আর বলা হবেও না।
পরিচালক রেজাউর রহমানের সিনেমা ‘একসাথে আলাদা’-তে তারা একসঙ্গে কাজ করেছিলেন। সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, এটি ছিল আধুনিক ভাবনার একটি কমেডি নির্ভর গল্প, যেখানে সম্পর্ক, বিচ্ছেদ ও বন্ধুত্বের ভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
তারিক আনাম খান আরও লেখেন, কারিনা খুব মনোযোগী ও দায়িত্বশীলভাবে কাজ করতেন। কমেডির ক্ষেত্রে সিচুয়েশন ও সংলাপের গুরুত্ব তিনি ভালোভাবে বুঝতেন। শুটিং সেটে নীরবে মনিটরের সামনে কাজ পর্যবেক্ষণ করতেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে একসঙ্গে একটি ধারাবাহিক পারিবারিক কমেডি করার পরিকল্পনাও ছিল, যা আর বাস্তবায়ন হয়নি।
আক্ষেপের সুরে তিনি লেখেন, জীবন অনিশ্চিত, হায়রে জীবন। দোয়া করি অনন্তলোকে কারিনা ভালো থাকুক।
তরুণদের উদ্দেশে তিনি সচেতন থাকার বার্তাও দেন, বিশেষ করে জীবনযাপন ও খাদ্যাভ্যাসের বিষয়ে।
পরিবার সূত্রে জানা যায়, লিভার জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 























