ষষ্ঠ বিশ্বকাপে খেলার আরও এক ধাপ দূরে দাঁড়িয়ে আছেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সেও জাতীয় দলের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধে কোনো ভাটা পড়েনি। বিশ্বকাপ প্রস্তুতির নতুন ক্যাম্পে যোগ দেওয়ার আগে আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে সাইপ্রাসের ক্লাব এইইএলের হয়ে খেলছেন ওচোয়া। বয়স বাড়লেও এখনো তিনি মেক্সিকো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারের পরও দেশের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্নই তাকে অনুপ্রাণিত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ওচোয়া লেখেন, এবারের অনুভূতি ভিন্ন। হৃদয় এখন আরও পরিপূর্ণ, আছে অনেক স্মৃতি ও অভিজ্ঞতা। কিন্তু সেই ছোট্ট ছেলেটির মতো আবেগ এখনো একই আছে, যে একদিন জাতীয় দলের জার্সি রক্ষার স্বপ্ন দেখেছিল। তিনি আরও বলেন, ফুটবল হয়তো সময় গুনে, কিন্তু আবেগ কখনো সময় মানে না।
বিশ্বমঞ্চে একাধিকবার অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত এই গোলরক্ষক বলেন, যতদিন দেশের হয়ে লড়াই করার সুযোগ থাকবে, ততদিন তার হৃদয় সবসময় জাতীয় দলের সঙ্গেই থাকবে।
এর আগে পাঁচটি বিশ্বকাপে মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপ হবে তার ষষ্ঠ বিশ্ব আসর, যা তাকে বিশ্ব ফুটবলের ইতিহাসে এক বিরল কীর্তির অংশীদার করে তুলবে, যেখানে তিনি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিতে পারেন।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























